প্রশ্ন: একজন মা তার অনাকাঙ্ক্ষিত সন্তানের প্রতি মনে মনে বিরক্তি পোষণ করলেও জনসম্মুখে তাকে অতিরিক্ত ভালোবাসা ও যত্ন প্রদর্শন করেন। মায়ের এই আচরণটি কোন ধরনের আত্মরক্ষামূলক কৌশল?
সমাধান:
এখানে, মায়ের এই আচরণটি হলো প্রতিক্রিয়া সংগঠন (Reaction formation)।
• প্রতিক্রিয়া সংগঠন (Reaction formation):
- মনোবিজ্ঞানে যখন কোনো ব্যক্তি তার মনের গভীরের কোনো নেতিবাচক বা অসামাজিক ইচ্ছাকে (এখানে সন্তানের প্রতি অনিচ্ছা বা বিরক্তি) সচেতনভাবে দমন করার জন্য ঠিক তার বিপরীত ধর্মী আচরণ (অতিরিক্ত ভালোবাসা) প্রকাশ করে, তখন তাকে প্রতিক্রিয়া সংগঠন (Reaction formation) বলা হয়। মা এখানে তার অবদমিত অপরাধবোধ থেকে বাঁচতে এবং নিজেকে একজন আদর্শ মা হিসেবে প্রমাণ করতে বাস্তব অনুভূতির ঠিক উল্টো আচরণ করছেন।
• আত্মরক্ষামূলক কৌশল:
- প্রকৃত সমস্যার সমাধান না করে কিছু কৌশল প্রয়োগ করে মানসিক চাপের কবল থেকে ব্যক্তি আত্মরক্ষা করার যে প্রচেষ্টা তাকেই আত্মরক্ষামূলক কৌশল (ego defense mechanism) বা প্রতিরক্ষণ কৌশল (defense mechanism) বলে।
- নিম্নে বিভিন্ন রকম আত্মরক্ষামূলক কৌশল উল্লেখ করা হলো:
১. অবদমন (Repression): এটি কোনো কষ্টদায়ক বা নীতিবিরোধী ইচ্ছাকে জোরপূর্বক ভুলে থাকা বা অচেতন মনে দাবিয়ে রাখার প্রক্রিয়া। প্রকৃতির দিক দিয়ে অবদমন হলো সঙ্গতিবিধানের চরমতম এবং নিকৃষ্টতম কৌশল।
২. অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ (Rationalization): নিজের ব্যর্থতা বা অক্ষমতাকে ঢাকতে মিথ্যা কিন্তু গ্রহণযোগ্য যুক্তি দেওয়া। যেমন: আঙুর ফল টক বলা বা বয়স হয়েছে বলে খেলায় অংশ না নেওয়ার অজুহাত দেওয়া।
৩. প্রতিক্রিয়া সংগঠন (Reaction formation): মনের আসল (নেতিবাচক) ইচ্ছাকে লুকিয়ে রাখতে ঠিক তার বিপরীত আচরণ করা। যেমন: অনাকাঙ্ক্ষিত সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করা।
৪. প্রত্যাবৃত্তি (Regression): বর্তমানের চাপ সহ্য করতে না পেরে শৈশবের শিশুসুলভ আচরণে ফিরে যাওয়া।
৫. প্রতিক্ষেপণ/প্রক্ষেপণ (Projection): নিজের দোষ বা ব্যর্থতা অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ ভাবা।
৬. ক্ষতিপূরণ (Compensation): এক ক্ষেত্রের ব্যর্থতাকে অন্য ক্ষেত্রের সাফল্য দিয়ে ঢেকে দেওয়া (যেমন: পড়াশোনায় খারাপ কিন্তু খেলায় ভালো)।
৭. উদগতি (Sublimation): অসামাজিক ইচ্ছাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজে রূপান্তর করা (যেমন: প্রেমে ব্যর্থ হয়ে কবি হওয়া)।
৮. একাত্মভাবন (Identification): অন্যের কৃতিত্বকে নিজের ভেবে আনন্দ পাওয়া (যেমন: সিনেমার নায়কের সাথে নিজেকে কল্পনা করা)।
৯. অপস্থাপন (Displacement): শক্তিশালী কারো ওপর রাগ ঝাড়তে না পেরে দুর্বল নিরপরাধ কারো ওপর তা প্রকাশ করা।
১০. দিবাস্বপ্ন (Daydreaming): অপূর্ণ ইচ্ছাকে কল্পনার জগতে পূরণ করে সাময়িক তৃপ্তি পাওয়া।
উৎস: মানসিক চাপ ও মোকাবেলা, পঞ্চম অধ্যায়, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।