ব্যাখ্যা
• গণতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব ও ভূমিকা নিম্নরূপ-
⇒ জনমত গঠন ও রাজনৈতিক সচেতনতা দান: গণতন্ত্র জনমত দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। বক্তৃতা, বিবৃতি, জনসভা এবং নির্বাচনী প্রচারাভিযানের মাধ্যমে দলীয় কর্মীবৃন্দ জনসাধারণের সামনে দলের কর্মসূচি, আদর্শ ও বক্তব্য তুলে ধরে। এতে জনসাধারণ রাজনৈতিকভাবে সচেতন হয় এবং সুষ্ঠু জনমত প্রদানে সক্ষম হয়। লোয়েলের মতে, "জনমতকে সবার সামনে উত্থাপন করে গণরায় আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি প্রণয়ন করা রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য।"
⇒ সরকার গঠন: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণ এ থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন দান করে। দলীয় ভিত্তিতে জনগণ ভোট প্রদান করে সরকার গঠনে সহায়তা করে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সরকার গঠনে রাজনৈতিক দল জনগণকে সাহায্য করে। রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে মিলনের সেতু নির্মাণ করে।
⇒ আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ: গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ অনেকটাই রাজনৈতিক দলেরই কাজ। কেননা রাজনৈতিক দলই জনমত নির্ণয় করে আবার দলের মাধ্যমেই জনগণ সরকার গঠন, ভাঙন এবং সরকারকে সমর্থন জানাতে পারে। জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ রাজনৈতিক দলের মাধ্যমেই হয়ে থাকে।
⇒ শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন: রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে সাহায্য করে। সরকার পরিবর্তনের জন্য বিপ্লব বা বিদ্রোহের প্রয়োজন হয় না।
⇒ বিরোধী বিকল্প পক্ষ: প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ দল যেন গণবিরোধী কাজে লিপ্ত না হয়, স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ না হয় সেদিকে বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলই 'বিকল্প সরকার'।
⇒ ভিন্নমুখী মতামত একত্রীকরণ: সাধারণত জনগণ কোন বিষয়ে সহজে একমত হতে পারে না। অধ্যাপক ফাইনারের মতে, "জনগণের মতামত অত্যন্ত ভিন্নমুখী ও বিক্ষিপ্ত।" ভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে একমাত্র রাজনৈতিক দলই সংগঠিত করতে পারে। এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা নির্ভর করে রাজনৈতিক দলের উপর। তাই রাজনৈতিক দলকে 'স্বার্থ একত্রীকরণ' বলা হয়ে থাকে।
⇒ সংসদীয় সরকারের উপযোগী: সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। দলীয় শৃঙ্খলাই সংসদীয় সরকারকে আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় দৃঢ় ভূমিকা পালনে সাহায্য করে।
উৎস: পৌরনীতি প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।