পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৪
সিলেবাস
পার্ট-১) আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। পার্ট-২) বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সম্ভব হলে সংগঠনগুলোর About Us বা History ওয়েবপেজ পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৭৪ প্রশ্ন

.
বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের সাবেক মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) সুইডেন
  2. খ) নরওয়ে
  3. গ) পেরু
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৫৩ সালের ১০ এপ্রিল তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিইগভে লাই, তৃতীয় মহাসচিব মিয়ানমারের উ থান্ট (প্রথম এশীয় এবং মুক্তিযুদ্ধকালীন)। চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়াল্ডহেইম। পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)। সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (নোবেল বিজয়ী)। অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন। নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)
.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত এর বর্তমান সভাপতি কে?
  1. ক) রনি আব্রাহাম
  2. খ) রোজালিন হিগিন্স
  3. গ) আব্দুলকায়ি আহমেদ ইউসুফ
  4. ঘ) তিজজানি মুহাম্মদ বান্দে
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা International Court of Justice (ICJ)এর বর্তমান সভাপতি আব্দুলকায়ি আহমেদ ইউসুফ। তিনি সোমালিয়ার নাগরিক। আইসিজে জাতিসংঘের ছয়টি মূল সংস্থার একটি। এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে। এর অবস্থান নেদারল্যান্ডের হেগ শহরে। জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশ এর সদস্য। এর মোট বিচারক ১৫ জন। এদের মেয়াদকাল ৯ বছর। তবে সভাপতি পদের মেয়াদ ৩ বছর। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর এই আদালতেই মামলা দায়ের করে। ২৩ জানুয়ারী ২০২০ ICJ মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী আদেশ জারি করে। এতে গণহত্যা বন্ধ, গণহত্যার ষড়যন্ত্র বা উস্কানি বন্ধ, গণহত্যার আলামত সংরক্ষণ এবং চার মাসের মধ্যে আদেশ পালনের অগ্রগতি সম্পর্কে জানানোর কথা বলা হয়। (সূত্র: আইসিজে ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো)
.
২০২০-২০২১ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এশীয় অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে কোন দেশটি?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) ব্রুনেই
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। এরা সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়। প্রতিবছর ৫ টি করে সদস্য নবায়ন হয়। ২০২০-২০২১ মেয়াদে দায়িত্ব পালনের জন্যে ৭ জুন ২০১৯ পাঁচটি দেশ নির্বাচন করা হয়। এগুলো হলোঃ ভিয়েতনাম (এশিয়া), তিউনেশিয়া ও নাইজার (আফ্রিকা), সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স (আমেরিকা অঞ্চল) এবং এস্তোনিয়া (ইউরোপ)। ভিয়েতনাম নিরাপত্তা পরিষদে কুয়েতের স্থলাভিষিক্ত হয় ২০২০ সালের ১ জানুয়ারী। এছাড়া ২০১৯-২০২০ মেয়াদে এশীয় প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়া দায়িত্ব পালন করছে। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)
.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটি?
  1. ক) UNTSO
  2. খ) UNIIMOG
  3. গ) UNMOGIP
  4. ঘ) UNIKOM
ব্যাখ্যা
১৯৪৮ সালে প্যালেস্টাইনে প্রেরিত United Nations Truce Supervision Organisations মিশন জাতিসংঘের প্রথম ও সবচেয়ে দীর্ঘমেয়াদি শান্তিরক্ষা মিশন। এটি বর্তমানেও চালু রয়েছে। বর্তমান পর্যন্ত জাতিসংঘের মোট মিশন সংখ্যা ৭১ টি যার মধ্যে বর্তমানে চালু ১৩ টি। বর্তমানে প্রায় ৯৫,০০০ শান্তিরক্ষী ১৩ টি মিশনে নিয়োজিত আছে৷ এদের মধ্যে সবচেয়ে বেশি শান্তিরক্ষী ইথিওপিয়ার (৬৬৩৯ জন)। দ্বিতীয় বাংলাদেশ (৬৪১৩ জন)। বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরষ্কার পায়। (সূত্রঃ ইউএনও পিসকিপিং সংস্থা ওয়েবসাইট)
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে COVID-19 রোগকে মহামারি ঘোষণা করে?
  1. ক) ৩১ জানুয়ারি
  2. খ) ১১ ফেব্রুয়ারি
  3. গ) ১১ মার্চ
  4. ঘ) ২৩ মার্চ
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তখনকে এই রোগকে Novel-Coronavirus-2019 হিসেবে চিহ্নিত করে। Novel মানে অদৃষ্টিপূর্ব বা অজ্ঞাত। করোনা ভাইরাস ১৯৬০ সালে প্রথম শনাক্ত হলেও এর অনেকগুলো টাইপ রয়েছে। এই টাইপটি সম্পূর্ণ নতুন হওয়ায় একে Novel হিসেবে কোডিং করা হয়। ৩১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19। ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে চিহ্নিত করা হয়। ১১ জানুয়ারী চীনের উহানে প্রথম করোনা রোগী মারা যায়। ১৩ জানুয়ারী চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল। ২ ফেব্রুয়ারী চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো। বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট এবং আল জাজিরা)
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক ট্রেডস আধানম গেব্রেইসাস কোন দেশের?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) সোমালিয়া
  3. গ) ইরিত্রিয়া
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক ট্রেডস আধানম গেব্রেইসাস। তিনি ইথিওপিয়ার নাগরিক। ২০১৭ সালের ১ জুলাই ৫ বছরের জন্যে মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। সদস্য ১৯৪টি।(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
.
জাতিসংঘের স্বীকৃতি পাওয়া প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি?
  1. ক) ITU
  2. খ) FAO
  3. গ) UPU
  4. ঘ) ILO
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) জাতিসংঘের স্বীকৃতি পাওয়া প্রথম বিশেষায়িত সংস্থা। ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি ১৯১৯ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি। বর্তমান মহাপরিচালক গাই রাইডার (ব্রিটেন)। বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। (সূত্রঃ ইউএনও এবং আইএলও ওয়েবসাইট)
.
কোন দেশটি সম্প্রতি ইউনেস্কো ত্যাগ করে?
  1. ক) রাশিয়া
  2. খ) ফিলিস্তিন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) উত্তর কোরিযা
ব্যাখ্যা
ফিলিস্তিনকে সদস্য হিসেবে অনুমোদন দেওয়ায় ১ জানুয়ারী ২০২০ যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কো ত্যাগ করে। এতে করে ইউনেস্কার বর্তমান সদস্য সংখ্যা দাড়ায় ১৯৩টি। ২৩ নভেম্বর ২০১১ ফিলিস্তিন ইউনেস্কার ১৯৫তম সদস্য হিসেবে অনুমোদন পায়। এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করে ২০০৩ সালে পুনরায় এতে যোগ দেয়। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ সালে। এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। বর্তমান মহাসচিব ফ্রান্সের আদ্রে আজুলে। (সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
.
ফিলিস্তিন সম্প্রতি কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে?
  1. ক) ILO
  2. খ) NATO
  3. গ) UNSC
  4. ঘ) IAEA
ব্যাখ্যা
২০ জুন ২০১৯ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে। এর মাধ্যমে সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর পূর্বে ফিলিস্তিন ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের মতে, জাতিসংঘভুক্ত ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। (সূত্রঃ IAEA এবং PNA ওয়েবসাইট)
১০.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) ভিয়েনা
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO-International Maritime Organisations) ১৯৪৮ সালের ১৭ মার্চ Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) নামে প্রতিষ্ঠিত হয় যা ১৯৮২ সালে IMO নামকরণ করা হয়। ১৯৫৯ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর লন্ডনে অবস্থিত। সদস্য সংখ্যা ১৭৪ এবং সহযোগী সদস্য ৩টি। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাক লিম।(সূত্রঃ IMO ওয়েবসাইট)
১১.
OPCW শান্তিতে নোবেল পুরস্কার পায়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০১৩ সালে
ব্যাখ্যা
OPCW (Organisations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা। ২০১৩ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। ১৯৬৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নোবেল শান্তি পুরস্কার লাভ করে।(সূত্রঃ OPCW এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১২.
WIPO কবে প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৪৭ সালে
  2. খ) ১৯৬১ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ২০০৬ সালে
ব্যাখ্যা
১৯৬৭ সালের ১৪ জুলাই The World Intellectual Property Organization (WIPO)প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বর্তমান মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি। WIPO বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে থাকে। সংস্থাটি পণ্যের ভৌগোলিক নির্দেশক সনদ প্রদান করে থাকে। বাংলাদেশ ১৯৮৫ সালে এর সদস্য হয়। (সূত্র: WIPO ওয়েবসাইট )
১৩.
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) UN WOMEN
  2. খ) UNIFEM
  3. গ) CEDAW
  4. ঘ) UNW
ব্যাখ্যা
২০১০ সালের জুলাই মাসে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN WOMEN এর আত্মপ্রকাশ ঘটে। এর সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘভুক্ত নির্বাচিত ৪৫ টি সদস্য এর সদস্য। UNIFEM হল জাতিসংঘ নারী উন্নয়ন বিষয়ক তহবিল। CEDAW হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের বৈশ্বির সনদ যা ১৯৭৯ সালে স্বাক্ষরিত হয়।(সূত্র: ইউএনও এবং ইউএন উইমেন ওয়েবসাইট)
১৪.
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) লিসবন
ব্যাখ্যা
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমান হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি। তিনি ইতালির নাগরিক। ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর ইউএনএইচসিআর গঠিত হয়। এটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। (সূত্রঃ ইউএনএইচসিআর ওয়েবসাইট)
১৫.
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় কোন আদালতে?
  1. ক) ITLOS
  2. খ) ICC
  3. গ) PCA
  4. ঘ) ICJ
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত Permanent Court Arbitration (PCA) বা স্থায়ী সালিশী আদালতে। ৮ অক্টোবর বাংলাদেশ এ আদালতে মামলা দায়ের করে। আদালত শুনানি শেষে ৭ জুলাই ২০১৪ রায় প্রদান করে। এতে বিরোধপূর্ণ ২৫,৬০২ বর্গ কিমি সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ ১৯,৪৬৭ এবং ভারত ৬,১৩৫ বর্গকিমি এলাকা পায়। এর আগে ২০১২ সালে ১৪ই মার্চ ITLOS বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার রায় প্রদান করে। Permanent Court Arbitration (PCA) ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২২ টি । বাংলাদেশ ২০১২ সালের ২৬ এপ্রিল এর সদস্য হয়। (সূত্র: Permanent Court Arbitration ওয়েবসাইট)
১৬.
সর্বশেষ ন্যাম সন্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. ক) কায়রো
  2. খ) বেলগ্রেড
  3. গ) জাকার্তা
  4. ঘ) বাকু
ব্যাখ্যা
সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে। ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়। ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক সংখ্যা ১৭।(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
১৭.
কোন দেশটি আরব লীগের সদস্য -
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ। এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি। যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর। বর্তমান সদস্য ২২ টি। এর মধ্যে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে। বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। ইরান, তুরস্ক ও আফগানিস্তান বা পাকিস্তান আরব লীগের সদস্য নয়। (সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট)
১৮.
সিরডাপ প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ফিজি। (সূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)
১৯.
OPEC এর সদস্য কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) ইরান
  3. গ) কাতার
  4. ঘ) ইকুয়েডর
ব্যাখ্যা
ওপেক ১৯৬০ সালের সেপ্টেম্বরে ইরাক, ইরান, সৌদি আরব, ভেনেজুয়েলা এবং কুয়েতের সমন্বয়ে গঠিত হয়। পরবর্তী সময়ে এতে আরো দেশ যুক্ত হয়। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৩ টি। এগুলো হলোঃ ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, আলজেরিয়া, এঙ্গোলা, নিরক্ষীয় গিনি, কঙ্গো, গ্যাবন ও ভেনেজুয়েলা। কাতার ১ জানুয়ারী ২০১৯ এবং ইকুয়েডর ১ জানুয়ারী ২০২০ ওপেক ত্যাগ করে। রাশিয়া কখনোই ওপেক এর সদস্য ছিলো না।(সূত্রঃ ওপেক ওয়েবসাইট)
২০.
আসিয়ান জোট গঠিত হয়-
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৬৩ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মধ্যে সম্পাদিত ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে Associaion of South East Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১০টি।পরবর্তীতে এতে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই ও মিয়ানমার যোগ দেয়। (সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
২১.
সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
২০০১ সালের ১৫ জুন সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। এর বর্তমান সদস্য ৮টি। এগুলো হলো: চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান, ভারত ও পাকিস্তান। এর মধ্যে প্রথম ৬টি প্রতিষ্ঠাকালীন সদস্য। পর্যবেক্ষক ৪টি (ইরান, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়া) এবং ডায়ালগ পার্টনার ৬টি (আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক, শ্রীলংকা, কম্বোডিয়া এবং নেপাল)। এর সদসদপ্তর বেইইজং এ। (সূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট)
২২.
AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ২৩ টি
  2. খ) ৪৩ টি
  3. গ) ৫৩ টি
  4. ঘ) ৫৭ টি
ব্যাখ্যা
AIIB-Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক ২৪ অক্টোবর ২০১৪ গঠিত হয়। প্রতিষ্টাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। এর সদরদপ্তর চীনের বেইজিং এ অবস্থিত। বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০২টি। এই ব্যাংকে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।(সূত্রঃ এআইআইবি ওয়েবসাইট)
২৩.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর প্রেসিডেন্ট কে?
  1. ক) উরসুলা ভ্যান ডারলেন
  2. খ) চার্লস মিশেল
  3. গ) ক্রিস্টালিনা জর্জিযেভা
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট ফরাসি নারী অর্থনীতিবিদ ক্রিস্টিন লাগার্দ। তিনি ২০১৯ সালে ইসিবি এর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ইসিবি ইইউ এর ১৯টি সদস্যভুক্ত রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত। এটি ১৯৯৮ সালের ১ জুন আমস্টারডাম চুক্তির মাধ্যমে গঠিত হয়। এর সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। (সূত্র: ইসিবি ওয়েবসাইট)
২৪.
ইসলামি উন্নয়ন ব্যাংক কবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২০ অক্টোবর ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তবে এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালের জানুয়ারি মাসে। এটি ওআইসি'র একটি বিশেশায়িত ইনস্টিটিউট। এর সদস্য সংখ্যা ৫৭ টি। বাংলাদেশে ওআইসি কার্যক্রম শুরু করে ১৯৭৭ সালে। ২০১৮ সালে বাংলাদেশে আইডিবি'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় যার মাধ্যমে ব্যাংকের সদস্য বাংলাদেশ ও মালদ্বীপ এবং অসদস্য রাষ্ট্র ভারত, চীন, মিয়ানমার প্রভৃতি দেশে কার্যক্রম পরিচালনা করা হয়। এ ব্যাংকে সবচেয়ে বেশি শেয়ার সৌদি আরবের। আইডিবি'র সভাপতি অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে। বর্তমান প্রেসিডেন্ট বন্দর বিন হাজ্জাজ।(সূত্রঃ আইডিবি ওয়েবসাইট এবং ডেইলি স্টার)
২৫.
সাফটা চুক্তি স্বাক্ষর হয় –
  1. ক) ১১ এপ্রিল ১৯৯৩
  2. খ) ৮ ডিসেম্বর ১৯৯৫
  3. গ) ৬ জানুয়ারী ২০০৪
  4. ঘ) ১ জানুয়ারী ২০০৬
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (South Asian Free Trade Area) বা সাফটা ২০০৪ সালের ৬ জানুয়ারী সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারী। এই চুক্তির মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্কহার শূন্যে নামিয়ে আনা। সার্কভুক্ত আটটি দেশ এতে স্বাক্ষর করে।(South Asian Preferential Trading Arrangement-SAPTA) স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল ১৯৯৩ এবং কার্যকর হয় ৮ ডিসেম্বর ১৯৯৫।(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)
২৬.
ন্যাটোর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) ক্রোয়েশিযা
  2. খ) আলবেনিয়া
  3. গ) উত্তর মেসিডোনিয়া
  4. ঘ) মন্টিনিগ্রো
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে আরও ১৮ টি দেশ যোগ দেয়। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন প্রথম সদর-দপ্তর ছিলো - লন্ডনে। পরে ১৯৫২ সালে সদর দপ্তর প্যারিসে স্থানান্তর করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস -এ এর স্থায়ী সদরদপ্তর গঠিত ও স্থানান্তরিত হয়। বর্তমান (২০২০) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
২৭.
দুর্নীতি ধারণা সূচক-২০১৯ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) ইয়েমেন
  2. খ) নাইজার
  3. গ) সিরিয়া
  4. ঘ) সোমালিয়া
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে। দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ শীর্ষদেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশ ১৪৬তম। (সূত্রঃ টিআই ওয়েবসাইট)
২৮.
IUCN সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) অটোয়া
  3. গ) বার্ন
  4. ঘ) গ্ল্যান্ড
ব্যাখ্যা
১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয় International Union for the Conservation of Nature (IUCN)। এই সংস্থার সদর দপ্তর স্থাপন করা হয় সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। রাষ্ট্র এবং সরকারি বেসরকারি সংস্থা মিলে এই সংস্থার বর্তমান সদস্য প্রায় ১৩০০। এর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ১১ থেকে ১৯ জুন ফ্রাসের মার্সিলি শহরে। (সূত্রঃ IUCN ওয়েবসাইট)
২৯.
কোন বাংলাদেশি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) সাবের হোসেন চৌধূরী
  2. খ) হুমায়ুন রশীদ চৌধুরী
  3. গ) ইসমাত জাহান
  4. ঘ) শিরীন শারমিন
ব্যাখ্যা
বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ২০১৪-২০১৭ মেয়াদে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী সংসদীয় কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনের উদ্দেশ্যে আইপিইউ এর আত্মপ্রকাশ ঘটে। এর সদস্য সংখ্যা ১৭৯। বর্তমান সভাপতি মেক্সিকান সাংসদ গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন। (সূত্র: আইপিইউ ওয়েবসাইট)
৩০.
প্রথম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়-?
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০০৮ সালে
  3. গ) ২০০৯ সালে
  4. ঘ) ২০১১ সালে
ব্যাখ্যা
২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবাগে প্রথম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ব্রাজিলের ব্রাসিলিয়ায় সর্বশেষ ১১তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে BRIC আত্মপ্রকাশ করে। ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS। (সূত্র: BRIC BRASIL 2019 ওয়েবসাইট)
৩১.
বাংলাদেশ কোন সংস্থা থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) MIGA
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। দেশ হিসেবে বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়। (সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট)
৩২.
বেসরকারি খাতের উন্নয়ন সাধনে কোনটি কাজ করে?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৮৫ টি। বর্তমান সিইও ফিলিপে লি হোরেইও। IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। (সূত্রঃ IFC ওয়েবসাইট)
৩৩.
IMF এর বর্তমান প্রধান কে?
  1. ক) ক্রিস্টিন লাগার্ড
  2. খ) মাইকেল ক্রেমার
  3. গ) ক্রিস্টানিলা জর্জিয়েভা
  4. ঘ) পল রোমার
ব্যাখ্যা
IMF (International Monetary Fund) এর বর্তমান প্রধান ও এমডি হলেন বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি ১ অক্টোবর ২০১৯ পাঁচ বছরের জন্যে দায়িত্ব গ্রহণ করেন। ক্রিস্টিন লাগার্দ আইএমএফ এর সাবেক প্রধান এবং বর্তমানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট৷ মাইকেল ক্রেমার ও পল রোমার যথাক্রমে ২০১৯ ও ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্রঃ আইএমএফ, ইসিবি ও নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৩৪.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) ক্রিস্টিন লাগার্ড
  3. গ) গীতা গোপীনাথ
  4. ঘ) অংশুলা কান্ত
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। ১ জানুয়ারি ২০১৯ প্রথম নারী হিসেবে মাত্র ৪৭ বছর বয়সে তিনি আইএমএফ এর এই শীর্ষ পদে নিযুক্ত হন। গীতা গোপীনাথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ক্রিস্টিন লাগার্ড আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক এবং বতমানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট। ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। অংশুলা কান্ত বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা। (সূত্রঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ ওয়েবসাইট)
৩৫.
কোনটি সঠিক নয়-
  1. ক) IMF- Breton Woods Institution
  2. খ) ICSID-Investment Disputes Settlement
  3. গ) MIGA-Investment Guarantee
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলনের (১-২২ জুলাই, ১৯৪৪) মাধ্যমে World Bank এবং IMF প্রতিষ্ঠিত হওয়ায় এদেরকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়। World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID এবং MIGA । এদের মধ্যে MIGA বহুপাক্ষিক বিনিয়োগে নিশ্চয়তা প্রদান এবং ICSID বৈদেশিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করে থাকে। IDA অনুন্নত দেশসমূহে সহজ শর্তে অর্থ সহায়তা প্রদান করে। IFC বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে সহায়তা করে। (সূত্রঃ World Bank এবং IMF ওয়েবসাইট)
৩৬.
'দাভোস কনফারেন্স' বলতে সাধারণত কোন সংস্থার সম্মেলনকে বুঝায়?
  1. ক) WTO
  2. খ) WEF
  3. গ) UNCTAD
  4. ঘ) LDC
ব্যাখ্যা
'দাভোস কনফারেন্স' বলতে সাধারণত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF-World Economic Conference) এর বার্ষিক সম্মেলনকে বুঝায়। প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতি বিষয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এজন্যে এ সম্মেলনকে দাভোস কনফারেন্স হিসেবে অভিহিত করা হয়। WEF একটি বেসরকারি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা বা এনজিও। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সহস্রাধিক লিডিং কোম্পানি এর সদস্য। (সূত্রঃ টাইম সাময়িকী এবং WEF ওয়েবসাইট)
৩৭.
MERCOSUR কোন অঞ্চলের জোট?
  1. ক) ওশেনিয়া
  2. খ) ভূমধ্যসাগর
  3. গ) ক্যারিবিয়ান
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
MERCOSUR (Mercado Comun Del Sur) বা Common Market of the South হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি বাণিজ্য জোট। MERCOSUR ১৯৯১ সালে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলা এর সমন্বয়ে গঠিত হয়। ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলো মার্কোসার এর সহযোগী সদস্য। এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিও তে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশ সরকার মার্কোসারভুক্ত দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং মার্কোসার ওয়েবসাইট)
৩৮.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) ব্যাংকক
  3. গ) আবুধাবী
  4. ঘ) কোপেনহেগেন
ব্যাখ্যা
২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা গঠিত হয়। তবে এটি কার্যকর হয় ২০১০ সালের ৮ জুলাই। এর সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অবস্থিত। সদস্য সংখ্যা বাংলাদেশসহ ১৬১টি। এছাড়া আরো ২২টি দেশ এর সদস্য পদের জন্যে আবেদন করেছে। সংস্থাটি বিশ্বব্যাপী টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যে করছে। (সূত্রঃ IRENA ওয়েবসাইট)
৩৯.
জোন্টা ইন্টারন্যাশনাল কি বিষয়ক সংগঠন?
  1. ক) পরিবেশ
  2. খ) নারী
  3. গ) দাতব্য
  4. ঘ) অর্থনৈতিক
ব্যাখ্যা
জোন্টা ইন্টারন্যাশনাল নারীবিষয়ক একটি সংগঠন। এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রেসিডেন্ট মেরি জেনকিন্স। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত। বিশ্বের ৬৩টি দেশে জোন্টা ইন্টারন্যাশনালের ১২০০ ক্লাব এবং প্রায় ২৯,০০০ সদস্য রয়েছে। (সূত্রঃ জোন্টা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৪০.
ASEM সম্মেলনে অংশ নেয়-
  1. ক) এশিয়া-ওশেনিয়া
  2. খ) এশিয়া-আফ্রিকা
  3. গ) আফ্রিকা- ইউরোপ
  4. ঘ) ইউরোপ-এশিয়া
ব্যাখ্যা
ASEM (Asia-Europe Meeting) হলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে আন্তঃসরকারীয় একটি ফোরাম। এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই ফোরামে এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত প্রভৃতি বিষয়ে সংলাপের মাধ্যমে বিনিময় হয়ে থাকে। ASEM Summit এ ইউরোপের ৩০ টি দেশ, বাংলাদেশ (২০১২ সালে যোগ দেয়) সহ এশিয়ার ২১ টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান সচিবালয়সহ মোট ৫৩ টি সদস্য অংশগ্রহণ করে। ১২তম ASEM Summit ২০১৮ সালের ১৮-১৯ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৩তম ASEM Summit অনুষ্ঠিত হবে ১৬-১৭ নভেম্বর ২০২০ কম্বোডিয়ার রাজধানী নমপেনে। (সূত্রঃ ASEM ওয়েবসাইট)
৪১.
WWF এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) World Wide Fund for Nature
  2. খ) World Wide Fund
  3. গ) World Wide Fund for Forest
  4. ঘ) World Wildlife Fund
ব্যাখ্যা
WWF (World Wide Fund for Nature) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন। শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund. ১৯৮৫ সালের এর নামকরণ করা হয় World Wide Fund for Nature। সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত। (সূত্রঃ WWF ওয়েবসাইট)
৪২.
রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ মে
  3. গ) ৮ সেপ্টেম্বর
  4. ঘ) ৮ নভেম্বর
ব্যাখ্যা
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয় ৮ মে। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর তার জন্মদিন ৮ মে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। তিনি ১৮৬৩ সালে বিশ্বের সর্ববৃহৎ মানবকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস প্রতিষ্ঠা করেন। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। (সূত্রঃ রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
৪৩.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন। বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত। অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। (সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৪৪.
জাতিসংঘের ISAF সামরিক মিশন কোন দেশে নিয়োজিত ছিলো?
  1. ক) ইরাক
  2. খ) আফগানিস্তান
  3. গ) সিরিয়া
  4. ঘ) কসোভো
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে ২০০১ সালের ২০ ডিসেম্বর আফগানিস্তানে International Security Assistance Force (ISAF) মোতায়েন করা হয়। এই মিশন ন্যাটোর অধীনে আফগানিস্তানে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সক্রিয় ছিলো। এর সদরদপ্তর ছিলো কাবুলে। এই মিশনে প্রায় ১,১৮,০০০ সেনা ছিলো। এর উদ্দেশ্য ছিলো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা। (সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৪৫.
AFTA এর সাথে জড়িত?
  1. ক) আসিয়ান
  2. খ) পূর্ব আফ্রিকা
  3. গ) পশ্চিম এশিয়া
  4. ঘ) মধ্য আমেরিকা
ব্যাখ্যা
AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে সাক্ষরিত হয়। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার। (সূত্রঃ আসিয়ান ওয়েবসাইট)
৪৬.
CPTPP চুক্তি কতটি দেশের মধ্যে সাক্ষরিত হয়েছে?
  1. ক) ১২ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) ১৭ টি
ব্যাখ্যা
৮ মার্চ ২০১৮ চিলির সান্টিয়াগোতে ১১টি দেশের মধ্যে The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership (CPTPP) চুক্তি সাক্ষরিত হয়। দেশগুলো হলোঃ কানাডা, চিলি, পেরু, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনেই দারুসসালাম, ভিয়েতনাম, জাপান এবং সিঙ্গাপুর। শুরুতে এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এই চুক্তির উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের সম্প্রসারণ। (সূত্রঃ অস্ট্রেলিয়া ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট)
৪৭.
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৪ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
১৯৭৪ সালের ৯ ডিসেম্বর Asian Clearing Union (ACU) প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য ৯ টি। এগুলো হলোঃ ইরান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার এবং বাংলাদেশ। এর মধ্যে প্রথম ৫টি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য। বাংলাদেশ ১৯৭৬ সালে এর সদস্যপদ লাভ করে। আকু'র সদরদপ্তর ইরানের তেহরানে অবস্থিত। আকু'র এর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় বৈদেশিক লেনদেন সম্পন্ন করা হয়। (সূত্রঃ ACU ওয়েবসাইট)
৪৮.
করোনা বিষয়ে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা কত তারিখে ভিডিও কনফারেন্স করেন?
  1. ক) ১২ মার্চ
  2. খ) ১৫ মার্চ
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ২০ মার্চ
ব্যাখ্যা
করোনা মহামারী বিষয়ে আলোচনার জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৮ মার্চ ২০২০ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দেন। এতে সম্মত হয়ে সার্কভুক্ত ৮টি দেশের শীর্ষ নেতা ১৫ মার্চ বিকেলে ভিডিও কনফারেন্সে মিলিত হন। এতে পাকিস্তান ব্যতীত বাকি ৭টি দেশের সরকার প্রধানরা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অংশ নেন। এই কনফারেন্সে সার্ক নেতারা ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০১৪ সালে কাঠমুন্ডু সার্ক শীর্ষ সম্মেলনের পর এটাই সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের অনুষ্ঠিত হওয়া প্রথম কোন মিটিং। (সূত্রঃ সার্ক ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর)
৪৯.
APEC সদরদপ্তর অবস্থিত-
  1. ক) টোকিও
  2. খ) ব্যাংকক
  3. গ) সিঙ্গাপুর সিটি
  4. ঘ) সিডনী
ব্যাখ্যা
APEC (Asia Pacific Economic Co-operation) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য জোট। এটি ১৯৮৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য ২১ টি। এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। সর্বশেষ সম্মেলন ২০১৯ সালে চিলির সান্তিয়াগো শহরে অনুষ্ঠিত হয়। (সূত্রঃ এপেক ওয়েবসাইট)
৫০.
আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০২ সালে
ব্যাখ্যা
১ জুলাই ২০০২ সালে রোম চুক্তি বা নীতিমালা (১৯৯৮ সালে সাক্ষরিত) কার্যকরের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। এটি নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এর বর্তমান সদস্য ১২৩ টি৷ এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে। গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে নিজস্ব বাহিনী না থাকায় দণ্ড কার্যকর করতে পারে না। বিভিন্ন দেশের সরকারের প্রতি আহবান জানায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া সহ অনেক দেশই এই আদালতকে স্বীকৃতি দেয়নি৷ (সূত্রঃ আইসিসি ওয়েবসাইট)
৫১.
Conference of Parties (CoP) এর আয়োজন করে-
  1. ক) UNGA
  2. খ) UNFCCC
  3. গ) IPCC
  4. ঘ) WMO
ব্যাখ্যা
১৯৯২ সালে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) স্বাক্ষরিত হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে। এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করা হয়। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থা অংশ নেয়। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে CoP-25 অনুষ্ঠিত হয়। পরবতী CoP-26 অনুষ্ঠিত হবে ২০২০ সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। UNFCCC এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত। (সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৫২.
√৩ কোন ধরনের সংখ্যা?
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) অমূলদ সংখ্যা
  3. গ) জটল সংখ্যা
  4. ঘ) কাল্পনিক সংখ্যা
ব্যাখ্যা
যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল অমূলদ সংখ্যা হয়।
৫৩.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) √০.৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা

সকল সংখ্যাকে দশমিকে রুপান্তর করে -
০.৩
১/৩ = ০.৩৩
√০.৩ = ০.৫৪৭৭
২/৫ = ০.৪
অর্থাৎ √০.৩ সংখ্যাটি বড়।

৫৪.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ. সা. গু. ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুইটি ২x ও ৩x।
∴এদের গ.সা.গু. = x.
প্রশ্নমতে, x = ৪
∴ বৃহত্তর সংখ্যাটি ৩ × ৪ = ১২

৫৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যা ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৬৩
  2. খ) ৫৭
  3. গ) ৩৩
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা

৪, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৬০+৩ = ৬৩

৫৬.
০, ১, ২ ও ৩ এর গ.সা.গু. কত?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৬
ব্যাখ্যা

০ = ১×০
১ = ১×১
২ = ১×২
৩ = ১×৩
সুতরাং, গ.সা.গু. = ১।

৫৭.
৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ৩৯
  2. খ) ২১
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০-৩৯) = ২১

৫৮.
১০০ টাকায় ১০ টি করে কলম ক্রয় করে ৮ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা

১ টি কলমের ক্রয় মূল্য (১০০/১০) = ১০ টাকা
১টি কলমের বিক্রয় মূল্য (১০০/৮) = ১২.৫ টাকা
সুতরাং, ১০ টাকায় লাভ হয় (১২.৫-১০) = ২.৫ টাকা
        ∴ ১০০ 〃    〃   〃 (২.৫×১০০)/১০ 〃
                               = ২৫ টাকা

৫৯.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য ১০% বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয় ১০+(১০×১০)/১০০ = ১১ বর্গমিটার
বর্গের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে ক্ষেত্রফল (১০×১০) = ১০০ বর্গমিটার
বর্গের বাহুর দৈর্ঘ্য ১১ মিটার হলে ক্ষেত্রফল (১১×১১) = ১২১ বর্গমিটার
সুতরাং, ক্ষেত্রফল বৃদ্ধি পায় (১২১-১০০) = ২১ বর্গমিটার বা ২১%

৬০.
যদি ১৫ টি ফলের মধ্যে শতকরা ৪০ ভাগ কমলা হয় এবং বাকিগুলো আপেল হয় তবে আপেলের সংখ্যা কত?
  1. ক) ১০ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
ব্যাখ্যা

১০০ টি ফলের মধ্যে কমলা ৪০ টি
∴ ১৫〃 〃 〃 〃(৪০×১৫)/১০০ টি
                  = ৬ টি
∴ ১৫ টি ফলের মধ্যে আপেল (১৫-৬) = ৯ টি

৬১.
৭০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
  1. ক) ৪০%
  2. খ) ৫৮%
  3. গ) ৪২%
  4. ঘ) ৬০ %
ব্যাখ্যা

৭০ জনের মধ্যে পাশ করে (৭০-৪২) = ২৮ জন
১০০   〃   〃     〃  〃 (২৮×১০০)/৭০ জন
                            = ৪০ জন

৬২.
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৪৫০ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১২ মাসের সুদ ৬ টাকা
১০০    〃   ৯    〃   〃 (৬×৯)/১২=৯/২ টাকা
∴ ১০,০০০〃 ৯  〃   〃 (৯×১০০০০)/(২×১০০) টাকা
                            = ৪৫০ টাকা

৬৩.
৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ২ বছর
ব্যাখ্যা

আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে
সময় = (মুনাফা×১০০)/(আসল×সুদের হার)
       = (১২০×১০০)/(৪০০×৬)
       = ৫ বছর

৬৪.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ক) ১৫৫ টাকা
  2. খ) ৩১৫ টাকা
  3. গ) ৬৫৫ টাকা
  4. ঘ) ৪৩৫ টাকা
ব্যাখ্যা

এখানে,
P = ৫০০০
r = ১০
n = ৩
সরল মুনাফা, I = Pnr/১০০
বা, I = (৫০০০×৩×১০)/১০০ = ১৫০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১+(r/১০০))n
= ৫০০০(১+(১০/১০০))৩
= ৫০০০(১+(১/১০০))৩
= ৫০০০(১+০.১)৩
= ৫০০০×(১.১)৩
= ৫০০০×১.৩৩১
= ৬৬৫৫ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = (৬৬৫৫-৫০০০) = ১৬৫৫ টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (১৬৫৫-১৫০০) = ১৫৫ টাকা।

৬৫.
৪০০ টাকার ৫ বছরের সুদ এবং ৫০০ টাকার ৬ বছরের সুদ একত্রে ৪৫০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৮%
  3. গ) ৯%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

৪০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০×৫) বা ২০০০ টাকার ১ বছরের সুদ
৫০০ টাকার ৬ বছরের সুদ = (৫০০×৬) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (২০০০+৩০০০) বা ৫০০০ টাকার ১ বছরের সুদ ৪৫০ টাক
∴ ১০০ টাকার ১বছরের সুদ (৪৫০×১০০)/৫০০০ টাকা
= ৯ টাকা

৬৬.
৬০ কেজি বালু ও লবণের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত কেজি লবণ মিশালে অনুপাত ৩:৭ হবে?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ৯৮
ব্যাখ্যা

৬০ কেজি মিশ্রণে বালুর পরিমান ৬০ × ৭/(৭+৩) = ৪২০/১০ = ৪২ কেজি
এবং লবণের পরিমান (৬০-৪২) = ১৮ কেজি।
মনে করি x কেজি লবণ মিশালে অনুপাত ৩:৭ হবে। তাহলে-
৪২ : (১৮+x) = ৩:৭
বা, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০ কেজি

৬৭.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরো গুলোর দৈর্ঘ কত হবে?
  1. ক) ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
  2. খ) ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
  3. গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  4. ঘ) ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার
ব্যাখ্যা

এখানে, (৩+৭+১০) = ২০
∴ ১ম টুকরোটির দৈর্ঘ্য = ৬০ × ৩/২০ = ৯ মিটার
   ২য় 〃 〃 = ৬০ × ৭/২০ = ২১ মিটার
   ৩য় 〃 〃 = ৬০ × ১০/২০ = ৩০ মিটার

৬৮.
৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ১০৫:২১৬
  2. খ) ৭২:১০৫
  3. গ) ৩৫:৭২
  4. ঘ) ১০৫:৭২
ব্যাখ্যা

৫:১৮, ৭:২, ৩:৬ = ৫:১৮, ৭:২, ১:২
সুতরাং, মিশ্র অনুপাত = (৫×৭×১) : (১৮×২×২) = ৩৫:৭২

৬৯.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১১ মিটার
  2. খ) ১৩ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২+১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x বা (১/৬)x বা x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = 12

৭০.
১ টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হর কত?
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
ব্যাখ্যা

৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্রয়মূল্য (৩৮০+২০) = ৪০০ টাকা।
৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
∴ ১০০ 〃     〃  〃 (১০০×২০)/৪০০ টাকা
                      = ৫ টাকা

৭১.
১৫ টি মুরগি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। মুরগিগুলোর ক্রয়মূল্য কত?
  1. ক) ৩৫০০ টাকা
  2. খ) ৩২০০ টাকা
  3. গ) ২৫০০ টাকা
  4. ঘ) ৩০০০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০-১০) = ৯০ টাকা। এবং
৫% লাভে বিক্রয়মূল্য (১০০+৫) = ১০৫ টাকা
দুই বিক্রয়মূল্যের পার্থক্য (১০৫-৯০) = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴   〃     ৪৫০ 〃     〃   〃     〃 (১০০×৪৫০) / ১৫ টাকা
                                         = ৩০০০ টাকা

৭২.
কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। ঐ জিনিসটির নির্মান খরচ ১০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১২০ টাকা
  3. গ) ১৪৪ টাকা
  4. ঘ) ১২৪ টাকা
ব্যাখ্যা

২০% লাভে নির্মাতার বিক্রয় মূল্য (১০০+২০) = ১২০ টাকা
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য (১২০ + ১২০ এর ২০%) = (১০০+২৪) = ১৪৪ টাকা।

৭৩.
টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩০%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৭৪.
৫০০ টাকায় কোন জিনিস ক্রয় করে শতকরা ৮ টাকা লাভে বিক্রয় করা হলেবিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ক) ১০৮ টাকা
  2. খ) ৫০৮ টাকা
  3. গ) ৫৪০ টাকা
  4. ঘ) ৫৮০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় লাভ হয় ৮ টাকা
∴ ৫০০ টাকায় লাভ হয় (৮×৫০০)/১০০ টাকা
                     = ৪০ টাকা
∴ বিক্রয়মূল্য (৫০০ + ৪০) টাকা
             = ৫৪০ টাকা